নিউজ ডেস্ক।।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ১৯৭০ সালের নির্বাচন হয়েছিল স্বায়ত্তশাসনের দাবিতে।
কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের সেই অধিকার দেয়নি। নির্বাচনে বিজয়ী দলের নেতা শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় দেশকে স্বাধীন করতে বাধ্য হয়েছিল বাঙালি জাতি। পাকিস্তানই আমাদেরকে যুদ্ধের পথে ঠেলে দিয়েছিল।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় গৌরনদী উপজেলার সরিকল গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহাম্মেদের স্মরণসভা উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “অগণিত রক্ত, জীবন ও শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মানুষের প্রত্যাশা ছিল একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু শেখ মুজিবুর রহমান সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। তিনি একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েম করে পাকিস্তানি শাসকদের মতোই সাধারণ মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন। মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এসব থেকে মুক্তি পেতেই ১৫ আগস্টের ঘটনা ঘটে।”
তিনি আরও বলেন, “পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করা হয়েছে। যার পরিণতিতে ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সুযোগ পেলে বাংলাদেশকে একটি শান্তিময় ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো।”
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিসুর রহমান (ফারুক মৃধা), বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, মো. ইসাহাক সন্যামত, আব্দুস সালাম খান, আইয়ুব আলী মৃধা, মো. নুর মোহাম্মদ, আব্দুল বারেক বেপারী, ডা. এন্তাজ মিয়া, এসকে সেকান্দার তাজ শরীফ নাগীবসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।


