নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই গুরুত্বপূর্ণ জনসভায় বরিশাল বিভাগের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিএনপি বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক সাব-কমিটি গঠন করা হয়েছে।
এর অংশ হিসেবে মঞ্চ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াকে।
রাজনৈতিক অঙ্গনে একজন সংগঠক ও অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান,
বরিশাল বিভাগীয় এই মহাসমাবেশ হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। মঞ্চ ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করছি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, অর্থবিষয়ক, শৃঙ্খলা, প্রচার, আপ্যায়ন, আবাসন ও মিডিয়াসহ মোট কয়েকটি ২১ সদস্য বিশিষ্ট সাব-কমিটি গঠন করা হয়েছে, প্রয়োজনে যার সদস্য সংখ্যা বাড়ানো হবে।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান,
বরিশালের এই বিভাগীয় সমাবেশ হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সফল গণজমায়েত।
দলীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের উপস্থিতিতে এই সমাবেশ বরিশাল বিভাগের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


