ঢাকাSunday , 15 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সন্ধ্যার আড্ডা রুখতে অভিযান: স্কুল আঙিনায় আড্ডা, ১২ শিক্ষার্থী আটক

admin
March 15, 2026 1:20 pm
Link Copied!

গৌরনদী প্রতিনিধি // মাদকের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনীয় আড্ডা বন্ধে বিকেলে মাইকিং করে সতর্ক করার পর সন্ধ্যায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করে স্কুল-কলেজের আঙিনায় আড্ডা দেওয়ার সময় ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যার পর বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের মাঠ ও আঙিনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের উপদ্রব বাড়ছে। সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক এবং স্কুল-কলেজের মাঠে আড্ডার আড়ালে অনেক তরুণ-যুবক মাদক সেবনে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীসহ তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছিলেন। এ পরিস্থিতিতে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কিছু নির্দেশনা জারি করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর আড্ডা না দিতে সতর্ক করা হয়। পরে নির্দেশনা কার্যকর হচ্ছে কিনা তা দেখতে সন্ধ্যার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় অভিযান চালানো হয়। এ সময় স্কুল প্রাঙ্গণে আড্ডারত অবস্থায় ১২ শিক্ষার্থীকে আটক করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, “মাদকের প্রবণতা বাড়তে থাকায় অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের প্রাথমিকভাবে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।