বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।
শনিবার (৩ অক্টোবর) বরিশাল নগরীর টাউন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের শ্রমের ওপর দেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ নির্ভরশীল। অথচ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরি, অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা দায়িত্বশীলদের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও শ্রমিকদের মৌলিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়েছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো ব্যবস্থা চলতে দেওয়া হবে না। প্রয়োজনে শ্রমিকরা রাজপথে নামবেন। কৃষকদের সার সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকরা মাঠে সার না পাওয়ার অভিযোগ করছেন। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে জিম্মি করার কোনো সুযোগ নেই।
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। চাকরি হারানো অনেক শ্রমিক ন্যায্য পাওনা ও সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও অনেকে প্রতিকার পাচ্ছেন না। শ্রমিকদের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান, বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বরিশাল জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার।
বরিশাল জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক মশিউর রহমানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে মেহমানবৃন্দ, ডেলিগেট, আয়োজক কমিটির সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথি, ডেলিগেট, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)
আর এম মিডিয়া লিঃ