নিউজ ডেস্ক ।। ঝালকাঠির নলছিটিতে পূর্ণকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন, পৌরসভার জনবল সংকট নিরসন এবং ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদ ও নলছিটি পৌরসভা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবক ও সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য।
কর্মসূচিতে তিনি বলেন, ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় পৌরসভা হওয়া সত্ত্বেও নলছিটি পৌরসভায় দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট বিরাজ করছে। সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, হিসাবরক্ষক, কার্যসহকারী, ইপিআই সুপারভাইজার, কর আদায়কারীসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদ শূন্য রয়েছে। কয়েকটি পদে ভারপ্রাপ্ত দিয়ে কাজ চললেও অধিকাংশ পদ ফাঁকা থাকায় একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, যেসব সেবা একদিনে পাওয়ার কথা, সেগুলো পেতে মাসের পর মাস সময় লাগছে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বক্তব্যে তিনি আরও জানান, ২০২০-২১ অর্থবছরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এবং এডিপির আওতায় নেওয়া প্রায় ১৫টি উন্নয়ন কাজ এখনো সম্পন্ন হয়নি। এতে সংশ্লিষ্ট সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, কাজ সম্পন্ন না করেই বিগত সময়ে অধিকাংশ বিল উত্তোলন করা হয়েছে। বর্ষা মৌসুমের আগে এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
এদিকে, নলছিটি উপজেলায় ইউএনও পদে দীর্ঘদিন ধরে স্থায়ী নিয়োগ না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের পর থেকে কয়েক মাস পরপর ইউএনও বদলি হয়েছে এবং মাঝখানে ঝালকাঠি সদর উপজেলার ইউএনওদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ ইউএনও জোবায়ের হাবিব সরকারি প্রশিক্ষণে থাকায় বর্তমানে ঝালকাঠি সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এ অবস্থায় তিনি বলেন, দুটি উপজেলা, প্রায় ২০টি ইউনিয়ন ও একটি গুরুত্বপূর্ণ পৌরসভার দায়িত্ব একজন কর্মকর্তার পক্ষে কার্যকরভাবে পালন করা কঠিন। পূর্ণকালীন ইউএনও না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে।
তিনি দ্রুত পূর্ণকালীন ইউএনও পদায়ন, পৌরসভার শূন্য পদগুলোতে জনবল নিয়োগ এবং অসম্পন্ন সড়ক সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.